১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১০, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১১, ১০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মালয়েশিয়া পাঠানোর নামে সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সোনারগাঁয়ে মালয়েশিয়া পাঠানোর নামে সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভিসা ও বিমানের টিকিট নিয়ে বিমানবন্দরে যাওয়ার পর সেগুলো জাল বলে শনাক্ত হওয়ায় বিদেশযাত্রা করতে পারেননি ভুক্তভোগী। পরে টাকা ফেরত চাইলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনারগাঁ থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছেলে রিফাত হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবর্দী গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাঁর প্রতিবেশী মো. কবির হোসেন (৪৫) ও সহযোগীরা ২০২৩ সালের ২১ মার্চ থেকে ২০২৪ সালের ১৯ মে পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ছয় লাখ ৫০ হাজার টাকা নেন।

টাকা নেওয়ার পর কবির হোসেন ইকবালকে মালয়েশিয়ার ভিসা, বিমানের টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র দেন। এসব কাগজপত্র নিয়ে বিমানবন্দরে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাচাই-বাছাই করে সেগুলো জাল বলে জানান। পরে তাঁকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

অভিযোগে আরও বলা হয়, ভিসা ও টিকিট জাল হওয়ার বিষয়টি জানার পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত কবির হোসেন টাকা ফেরত দিতে না পেরে জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে পাসপোর্ট ও জাল টিকিট নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর অন্য অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইতে গেলে তাঁরাও টাকা দিতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে প্রধান অভিযুক্ত কবির হোসেন বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে নাম উল্লেখ করা অন্য তিনজন হলেন সুমি আক্তার (৩৭), জুলেখা আক্তার (৭১) ও মো. জাহাঙ্গীর (৪০)।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়