১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৫২, ১০ অক্টোবর ২০২৬

শ্রমিকদের শোষণ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুল জব্বার

শ্রমিকদের শোষণ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুল জব্বার

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও জীবনমান রক্ষা এবং তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, ‘শ্রমজীবী মানুষের জীবন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়, যার অনেক কথাই লেখা হয় না। অনেক সময় মালিকপক্ষ শ্রমিকদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আবার শ্রমিক নেতাদের একটি অংশকে বিভিন্নভাবে উসকে দিয়ে শ্রমবাজার ধ্বংসের ষড়যন্ত্র করা হয়।’

তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম বেঁচে থাকার অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ‘শ্রমিক বার্তা’র সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে লেখালেখির মাধ্যমে শ্রমিক আন্দোলনকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আবদুল জব্বার আরও বলেন, ‘শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, অনেক সময় আমরা তা এড়িয়ে যাই এবং মানুষের সামনে সেভাবে তুলে ধরি না। অথচ শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।’

তিনি দাবি করেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কায়িক পরিশ্রম ও উৎপাদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করেন। এই বিশাল জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

শ্রমজীবী মানুষের সমস্যা, অধিকার ও দাবি গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে ‘শ্রমিক বার্তা’ শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

সর্বশেষ

জনপ্রিয়