এনামুল হক প্রিন্সের স্মরণসভা
প্রয়াত কবি, সাংবাদিক ও সংগঠক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর সাহিত্যকর্ম ও অর্জিত সম্মাননা সংরক্ষণে ‘প্রিন্স কর্নার’ গড়ে তোলার দাবি জানিয়েছেন বক্তারা। এ দাবির পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকেও একটি কক্ষ বরাদ্দ দেওয়ার সম্মতি জানানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। আয়োজনে ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে তাঁর লেখা কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ করেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহসভাপতি কাজী আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাব্যছন্দ পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘প্রিন্স ছিলেন একাধারে কবি, সাংবাদিক ও সংগঠক। তাঁর অকালপ্রয়াণে নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’
প্রধান আলোচক ড. ফজলুল হক রুমন রেজা বলেন, ‘এনামুল হক প্রিন্স ছিলেন তারুণ্যের প্রতীক। একজন প্রিন্স চলে গেছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া কর্ম আমাদের পথ দেখাবে।’
স্মরণসভায় বক্তারা বলেন, এনামুল হক প্রিন্স তাঁর স্বল্প জীবনে সাহিত্য, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ শত শত সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ অর্জন করেছিলেন। যথাযথ সংরক্ষণের অভাবে এসব স্মারক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাঁর স্মৃতি ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পরিবারের বাড়িতে একটি সংরক্ষিত কক্ষ বা ‘প্রিন্স কর্নার’ প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।
বক্তাদের এ দাবির সঙ্গে একমত পোষণ করে পরিবারের পক্ষ থেকে একটি কক্ষ দেওয়ার সম্মতি জানানো হয়। সেখানে প্রয়াত প্রিন্সের অর্জিত সম্মাননা, স্মারক ও সাহিত্যকর্ম সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহীম, কবি ও সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন, ডা. গাজী খায়রুজ্জামান, কবি ও শিক্ষক কামাল সিদ্দিক, আনন্দধাম সংগঠনের চেয়ারম্যান হাসিনা রহমান শিমু, জাদুশিল্পী কবির প্রধান, সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মাসুমুল হক সোহেল, কবি রঞ্জিত মোদক ও সাংবাদিক আবুল হোসেনসহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
স্মরণসভায় বক্তারা প্রয়াত এনামুল হক প্রিন্সের নামে স্মৃতি পদক ও সাহিত্য পুরস্কার প্রবর্তনেরও দাবি জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





































