বেকারত্ব দূর করতে রাষ্ট্রের নীতিগত সংস্কার প্রয়োজন: শওকত আলী
দেশের বেকারত্ব সমস্যা সমাধানে ব্যক্তিপর্যায়ে সাময়িক কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাষ্ট্রের সুনির্দিষ্ট নীতিগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত আলী। তিনি বলেছেন, বেকার যুবকদের সমস্যা তুলে ধরে সরকারের নীতিগত ভুলত্রুটি চিহ্নিত করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে যুবসমাজকে যৌক্তিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকত আলী বলেন, ‘যুবশক্তি, ছাত্রশক্তি, নারীশক্তি ও শ্রমিক শক্তি এসব নিয়েই মূলত এনসিপি। মূল দলকে শক্তিশালী করা, দলের দৃষ্টিভঙ্গি জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলাই এসব সংগঠনের মূল উদ্দেশ্য। ফলে প্রচলিত রাজনৈতিক দলগুলোর যুবসংগঠনের সঙ্গে জাতীয় যুবশক্তির কার্যক্রমের ধরন এক হবে না।’
বেকারত্ব সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এক-দুজনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেই দেশের বেকারত্ব সমস্যার সমাধান হবে না। প্রতিবছর কতজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করছে, কতজন চাকরি পাচ্ছে এবং কতজন বেকার থাকছে—এসব তথ্যের ভিত্তিতে রাষ্ট্রের নিজস্ব কর্মসংস্থান নীতি নির্ধারণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোটা আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত সরকার পতন হয়েছিল। এটি প্রমাণ করে, চাকরি ও কর্মসংস্থানের দাবি যুবসমাজের অন্যতম বড় আকাঙ্ক্ষা। আমাদের কাজ হবে বেকার যুবকদের সমস্যাগুলো সরকারের সামনে তুলে ধরা এবং প্রয়োজনীয় নীতিগত সংস্কারের জন্য চাপ সৃষ্টি করা।’
শওকত আলী বলেন, জাতীয় যুবশক্তিকে শুধু দলীয় সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাষ্ট্রের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত পর্যালোচনা করে জনস্বার্থবিরোধী বিষয়গুলো চিহ্নিত করতে হবে। পাশাপাশি জনগণের দাবি আদায়ে বুদ্ধিবৃত্তিক ও আন্দোলনমুখী ভূমিকা রাখতে হবে।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের সভাপতিত্বে এবং মুখ্য সংগঠক নূরজামাল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, জেলা সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম ও জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্তসহ স্থানীয় নেতাকর্মীরা।





































