১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৪৬, ১০ অক্টোবর ২০২৬

নেতাগিরি নয়, নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে: এমপি আল আমিন

নেতাগিরি নয়, নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে: এমপি আল আমিন

রাজনীতিতে নেতাগিরি ও ক্ষমতার দম্ভ পরিহার করে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের মৌলিক পরিচয় হলো তিনি এ দেশের নাগরিক। ধর্ম, পেশা কিংবা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে নাগরিক অধিকারের কোনো তারতম্য হতে পারে না। বিগত দিনে বিভিন্ন গোষ্ঠী জনগণকে বিভক্ত করে ক্ষমতা চর্চা করেছে। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের লক্ষ্য হওয়া উচিত নেতাগিরি নয়, বরং প্রকৃত রাজনৈতিক সাধনার মাধ্যমে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করা।’

তিনি বলেন, ‘নিজের পরিচয় প্রতিষ্ঠা ও প্রজার মানসিকতা থেকে মুক্তির জন্য এ দেশের মানুষ ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শাসনক্ষমতায় যারাই গেছে, তারাই রাবণ হয়ে উঠেছে।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘যুবশক্তির ওপর হামলা, নির্যাতন ও মামলার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। এমনকি নিজের দলও যদি ভুল পথে চলে যায়, তাহলে সেই অন্যায় নীতির পক্ষে দাঁড়ানো যাবে না।’

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, বিভেদের রাজনীতি ভুলে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে। তরুণদের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের সভাপতিত্বে এবং মুখ্য সংগঠক নূরজামাল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, জেলা সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্ত।

এ ছাড়া সভায় ফতুল্লা থানা আহ্বায়ক হাসান শিকদার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, মহানগর সংগঠক মাহবুব শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়