০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৭, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২৮, ৮ অক্টোবর ২০২৬

ত্বকী হত্যার বিচার বিলম্বে ওসমান পরিবারের সহযোগীরা সক্রিয়: রফিউর রাব্বি

ত্বকী হত্যার বিচার বিলম্বে ওসমান পরিবারের সহযোগীরা সক্রিয়: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৬৩ মাস পেরিয়ে গেলেও অভিযোগপত্র আদালতে জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার পেছনে তদন্তকারী সংস্থার গাফিলতি এবং ওসমান পরিবারের পুরোনো সহযোগীদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৩ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রফিউর রাব্বি বলেন, ‘আমরা সাড়ে ১৩ বছরের বেশি সময় ধরে ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। শেখ হাসিনার শাসনামলে তাঁর দলের ঘাতকদের রক্ষা করতে সাড়ে ১১ বছর এ বিচার বন্ধ রাখা হয়েছিল। নারায়ণগঞ্জে ওসমান পরিবার যে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল, তা পরিচালিত হতো তৎকালীন সরকারের সরাসরি মদদে।’

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ওসমান পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেলেও তাঁদের পুরোনো সহযোগীরা এখনো সক্রিয় রয়েছেন। ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান রক্ষার পাশাপাশি ত্বকী হত্যার বিচার বিলম্বিত করার পেছনেও তাঁদের ভূমিকা রয়েছে।

তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রফিউর রাব্বি বলেন, ‘সাড়ে ১৩ বছরেও কেন অভিযোগপত্র আদালতে জমা পড়ল না? বর্তমান সরকারেরও তিন মাস অতিবাহিত হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের ছায়া হয়ে এবং ওসমান পরিবারের স্বার্থ রক্ষায় কারা কাজ করছে, তাদের চিহ্নিত করতে হবে।’

তিনি গোয়েন্দা সংস্থার কাছে থাকা প্রতিবেদন পর্যালোচনা করে ত্বকী হত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান।

নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জকে বাসযোগ্য ও শান্তির নগরী করার জন্য লড়াই চালিয়ে আসছি। ওসমান পরিবারের দাপট, নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছি। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেউ যদি নতুন করে ওসমান পরিবার হয়ে ওঠার চেষ্টা করেন, তবে তাঁরা ভুল স্বর্গে বাস করছেন।’

তিনি আরও বলেন, ওসমান পরিবারের বিরুদ্ধে ত্বকী ছাড়াও আশিক, চঞ্চল, বুলু ও মিঠুসহ ২০ জনের বেশি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। এসব হত্যাকাণ্ডের পাশাপাশি সাগর-রুনি ও তনু হত্যারও দ্রুত বিচার দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে এবং সহসভাপতি ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহিলা পরিষদের জেলা সংগঠক শাহানারা বেগম ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়