বন্দরে ২৯ মণ্ডপে দুর্গোৎসব, পাঁচটিতে বিশেষ নিরাপত্তা
নারায়ণগঞ্জের বন্দরে এবার ২৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি মণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে ছয়জন করে আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্দিরে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি স্থাপন, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল ইসলাম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।
সভায় জানানো হয়, বন্দরের ২৯টি পূজামণ্ডপের মধ্যে ১২টি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এবং ১৭টি উপজেলা এলাকায়। এর মধ্যে বন্দর ঘাট, ঢাকেশ্বরী ও মিরকুন্ডিসহ পাঁচটি মণ্ডপকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি ইভটিজিং ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নজরদারি থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও গোয়েন্দা নজরদারি রাখা হবে বলে সভায় জানানো হয়।
এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দ হিসেবে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, সরকারি বরাদ্দ, সিসিটিভি স্থাপন, ইভটিজিং ও শব্দদূষণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।





































