ত্বকী হত্যার ১৬৩ মাস, বিচারের দাবিতে আলোক প্রজ্বালন বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৬৩ মাস পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও এ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে সাড়ে ১১ বছর ত্বী হত্যা মামলার বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় বিচার প্রক্রিয়া আবার শুরু হলেও দেড় বছরে এর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করা হয়।
বর্তমান সরকারের সাত মাসেও হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা পড়েনি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্বকী হত্যা ও এর দীর্ঘ বিচারহীনতা রাষ্ট্রের বৈষম্যমূলক বিচারব্যবস্থার একটি উদাহরণ।
ত্বকী হত্যার ১৬৩ মাস উপলক্ষে ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে ত্বকী হত্যার বিচারসহ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





































