বন্ধ কারখানা চালু ও ছাঁটাই প্রত্যাহারের দাবিতে ইউনাইটেডের শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিট লিমিটেড কারখানা খুলে দেওয়া, শ্রমিক ছাঁটাই ও বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারসহ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে সংকট সমাধানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি গাজী নূরে আলম এবং কারখানার শ্রমিক সজিব, নূর নবী, রাজিব, বিনা, মারিয়া ও জান্নাতুল লাকী।
সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ নিয়মিত বেতন পরিশোধে বিলম্ব করে এবং কয়েক কিস্তিতে বেতন দেয়। শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। বিশেষ প্রয়োজনে একদিন কাজে অনুপস্থিত থাকলে তিন দিনের মজুরি কেটে নেওয়া এবং বিভিন্ন অজুহাতে শ্রমিকদের চাকরিচ্যুত করার অভিযোগও করেন তাঁরা।
নেতারা জানান, এসব অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ৩০ সেপ্টেম্বর শ্রম আইনের ১৩(১) ধারা উল্লেখ করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
কারখানা বন্ধের পর শ্রমিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিকেএমইএতে অভিযোগ দেন। পরে একাধিক ত্রিপক্ষীয় বৈঠক হলেও সন্তোষজনক সমাধান হয়নি বলে দাবি করেন শ্রমিক নেতারা।
সমাবেশ থেকে অবিলম্বে কারখানা খুলে দেওয়া, ছাঁটাই ও বরখাস্তের নোটিশ প্রত্যাহার এবং শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।





































