০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৮, ৮ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চাওয়ায় পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চাওয়ায় পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব (৩২) হত্যা মামলার বিচার চাওয়ায় নিহতের মাসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন নিয়মিত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের মা শিরিনা আক্তার। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও নিরাপত্তা না পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন নিহত সজীবের মা ও হত্যা মামলার বাদী শিরিনা আক্তার। এ সময় নিহতের স্ত্রী, স্কুলপড়ুয়া ছেলে ও বোন উপস্থিত ছিলেন।

শিরিনা আক্তার অভিযোগ করেন, হত্যাকাণ্ডের চার দিন পর মামলার প্রধান আসামি মাইকেল (৪৫) ও তাঁর ছেলে মো. আপনকে (২২) গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। তবে গ্রেপ্তারের ৪০ দিন পার হলেও তাঁদের কাছ থেকে কোনো জবানবন্দি নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। এ ছাড়া মামলার অন্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।

তিনি বলেন, ‘মামলার পলাতক আসামি ও গ্রেপ্তার আসামিদের স্বজনরা প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে, আমার আরেক ছেলে সজলসহ পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’

কান্নাজড়িত কণ্ঠে শিরিনা আক্তার বলেন, ‘ছেলে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। বিচার পাওয়ার পরিবর্তে এখন নিজের ও পরিবারের সবার জীবন হুমকির মুখে পড়েছে। সারাক্ষণ আতঙ্কে থাকতে হচ্ছে। থানায় জিডি করেও কোনো প্রতিকার পাইনি। উল্টো হুমকি আরও বেড়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, প্রধান আসামি মাইকেলের পরিবারের সদস্য ও তাঁর সহযোগীরা এসব হুমকি দিচ্ছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছেলে হত্যার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন মো. জাহাঙ্গীরের ছেলে পরিবহন শ্রমিক সজীব। মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মো. আপন, মো. তাহসিন, মো. নুরুজ্জামান, মো. আকাশ ও মো. ইমনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার নম্বর ৬২। এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাইকেল ও তাঁর ছেলে আপন গ্রেপ্তার হলেও অন্যরা পলাতক রয়েছেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় এখনো মাদক ব্যবসা চলছে। তাঁরা সজীব হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ‘হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যা মামলার তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘হত্যা মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ

জনপ্রিয়