০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৫১, ৮ অক্টোবর ২০২৬

ফতুল্লায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ওয়ালটনের সঙ্গে উপজেলা প্রশাসনের চুক্তি

ফতুল্লায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ওয়ালটনের সঙ্গে উপজেলা প্রশাসনের চুক্তি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট-পিক ক্ষমতার হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ওয়ালটনের সঙ্গে চুক্তি করেছে উপজেলা প্রশাসন। সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও বিদ্যুৎ ব্যয় কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সানিউল হক ভূঁইয়া। উপজেলা প্রকৌশলী ইয়াসের আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি স্থাপনাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে ফতুল্লা গ্রোথ সেন্টারে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি নেওয়া হয়েছে। এর অভিজ্ঞতার ভিত্তিতে সদর উপজেলার অন্যান্য সরকারি ভবন ও গ্রোথ সেন্টারেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে।

তিনি জানান, ফতুল্লা গ্রোথ সেন্টারে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৫ কিলোওয়াট। সেখানে ১৫ কিলোওয়াট-পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে নিজস্ব চাহিদা মিটিয়ে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

ইউএনও আরও জানান, সদর উপজেলায় প্রায় ৫৭১ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে পর্যায়ক্রমে এসব প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা হ্রাস পাবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।

সর্বশেষ

জনপ্রিয়