নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা
‘নির্বাকতাই হোক প্রতিবাদের ভাষা, কোনো কথা না বলে অনেক কথা বলা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাইম ফেইসের অর্ধযুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করা হয়েছে।
আগামী ৮ ও ৯ অক্টোবর নগরীর শায়েস্তা খাঁ সড়কে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কর্মশালা চলবে। এতে মূকাভিনয়ের বিভিন্ন কলাকৌশল ও অভিনয়শৈলী নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি আগ্রহীরা মাইম ফেইসের সঙ্গে নিয়মিত মূকাভিনয় চর্চা ও অভিনয়ের সুযোগ পাবেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের অর্থ সম্পাদক ও ভারতের মাইম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল জাভেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, নাট্য ও আবৃত্তিশিল্পী ভবানী শংকর রায় এবং মাইম ফেইসের প্রতিষ্ঠাতা সভাপতি, নাট্যকার, নির্দেশক ও মূকাভিনেতা উজ্জ্বল উচ্ছ্বাস।
আয়োজকেরা জানিয়েছেন, ১০০ টাকা নিবন্ধন ফি দিয়ে কর্মশালায় অংশ নেওয়া যাবে। নিবন্ধনের জন্য ০১৯১৬-৩৮৭৮৮২ নম্বরে যোগাযোগ করতে হবে। কর্মশালার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মাইম ফেইসের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সোহান।
মাইম ফেইস নারায়ণগঞ্জের আয়োজনে কর্মশালায় সহযোগিতা করছে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।





































