হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এতে ওই লেনে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে বাস মালিকদের রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।’
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বাসে হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় শিক্ষার্থীরা। পরদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে সাধারণ যাত্রীদের জন্য ৭৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হাফপাস ভাড়া ৪০ টাকা নির্ধারণের দাবি জানান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।





































