০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৩, ৫ অক্টোবর ২০২৬

যৌক্তিকভাবে বাসভাড়া নির্ধারণের দাবিতে শহরে মশাল মিছিল

যৌক্তিকভাবে বাসভাড়া নির্ধারণের দাবিতে শহরে মশাল মিছিল

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার দাবিতে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে মশাল মিছিল করেন তারা।

মিছিলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে উৎসব ও বন্ধন বাস জনগণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। দফায় দফায় বৈঠক হলেও পরিবহন মাফিয়ারা নারায়ণগঞ্জবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারা যৌক্তিকভাবে বাসভাড়া নির্ধারণ করতে প্রশাসনকে সহযোগিতা করছেন না। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষে, তাদের দাবি আদায়ে লড়াই চালিয়ে যাবো।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত কয়েকদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করে আদায় করছেন বাস মালিকরা। সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের দাবি, সাধারণ যাত্রীদের জন্য এই ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা করতে হবে।

এ দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্রসেনা ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সমন্বয়ে সাত ছাত্র সংগঠন ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ গঠন করে।

একই দাবিতে তারা মঙ্গলবার শহরে অর্ধবেলা অবরোধ কর্মসূচিরও ডাক দিয়েছিলেন। তবে, সোমবার সন্ধ্যায় জেলা পরিষদে বাস মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা। এ সময় যাত্রী অধিকার ফোরাম ও ছাত্রদের দাবির সঙ্গে নীতিগতভাবে বাসমালিকরা ঐক্যমতে এসে একদিনের সময় চেয়েছেন।

এই বৈঠকের পর ছাত্রনেতারা তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন।

ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, “বাস মালিকরা একদিনের সময় চেয়েছেন। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আপাতত অবরোধ কর্মসূচি স্থগিত রেখেছি। কিন্তু আমাদের দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”

সর্বশেষ

জনপ্রিয়