০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ৪ অক্টোবর ২০২৬

বাসভাড়া কমানোর দাবিতে ৬ অক্টোবর অর্ধদিবস অবরোধের ঘোষণা

বাসভাড়া কমানোর দাবিতে ৬ অক্টোবর অর্ধদিবস অবরোধের ঘোষণা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের জন্য সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া নির্ধারণ এবং শিক্ষার্থীদের নিঃশর্ত হাফ পাসের দাবিতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত অর্ধদিবস সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’।

পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও প্রশাসন ও বাস মালিকদের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করেছে সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত এই ঐক্য।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

এর আগে গত ১ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল ছাত্র ঐক্য। তাদের দাবি, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ১৯ কিলোমিটারের এই রুটে টোলসহ সর্বোচ্চ ভাড়া ৫৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করেছে। সে হিসাবে সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া হওয়ার কথা থাকলেও উৎসব ও বন্ধন পরিবহনের বাসে সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৯ টাকা করে নেওয়া হচ্ছে।

ছাত্র নেতাদের অভিযোগ, বিআরটিএর প্রজ্ঞাপন ও জেলা পরিবহন কমিটির সিদ্ধান্ত অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকেও নিঃশর্ত হাফ পাস নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের সর্বোচ্চ ৩০ টাকা ভাড়ার পরিবর্তে ৩৫ থেকে ৪০ টাকা আদায় করা হচ্ছে।

সমাবেশে ছাত্র ঐক্যের নেতারা বলেন, ‘নারায়ণগঞ্জের ছাত্রদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিন্ডিকেট বাণিজ্য ধরে রাখবেন, এ দেশের ছাত্র-জনতা তা মেনে নেবে না। ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সুশাসন না মেনে সাধারণ নাগরিকদের ওপর জুলুম চালালে এই বাস কোম্পানি বা কাউন্টার রাখা হবে না; বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হবে।’

তারা আরও বলেন, ‘প্রশাসন ও বাস মালিকপক্ষ ছাত্র-জনতার যৌক্তিক দাবি ও নমনীয়তাকে তোয়াক্কা করছে না। আন্দোলন নস্যাতের চেষ্টা করা হলে তা হবে সময়োপযোগী ভুল সিদ্ধান্ত।’

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) গণস্বাক্ষর সংগ্রহ ও গণসংযোগ করবে ছাত্র ঐক্য। এরপরও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অর্ধদিবস অবরোধ পালন করা হবে।

বিক্ষোভ ও সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়