০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৬, ৮ অক্টোবর ২০২৬

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে: আবুল কালাম

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। কোনো অপশক্তি যেন আমাদের এই সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, ‘আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার বদ্ধপরিকর। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে দুর্গোৎসব সফলভাবে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলাউল কবির দীপু, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, নৌ পুলিশের পরিদর্শক হাসান জামিল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় খান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও তুলশী ঘোষ প্রমুখ।

সভায় উপজেলার ২৯টি পূজামণ্ডপের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় দুর্গাপূজা চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বন্দরের সব পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

জনপ্রিয়