ডেঙ্গু প্রতিরোধে বন্দরে জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচি
নারায়ণগঞ্জের বন্দরে ডেঙ্গু ও হাম প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্দর সাংগঠনিক উত্তর থানা শাখা। কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ, লিফলেট বিতরণ, বিনামূল্যে ওষুধ প্রদান ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বন্দরের কামাল উদ্দিনের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
সমাবেশে তিনি বলেন, ‘আমরা সমাজে সচেতনতামূলক কার্যক্রম নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি। ডেঙ্গু ও হাম প্রতিরোধে বিনামূল্যে ওষুধ প্রদান, লিফলেট বিতরণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি। নিজেদের অর্থায়নে সপ্তাহব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। শুধু ওষুধ প্রদান কিংবা সচেতনতা সৃষ্টি করলেই হবে না, এর পাশাপাশি আল্লাহর রহমতও প্রয়োজন। ডেঙ্গু ও হাম থেকে রক্ষা পেতে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে।’
এর আগে নবীগঞ্জের আল-সিফাত কমিউনিটি সেন্টারে বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কামাল উদ্দিনের মোড় থেকে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু হয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়।
নবীগঞ্জ ঘাটে মাওলানা আবদুল জব্বার এডিস মশার প্রজনন রোধে বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘বাড়ির আশপাশে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এটি একটি মানবিক কাজ। জনগণের পাশাপাশি সিটি করপোরেশনেরও দায়িত্ব রয়েছে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন নেতৃত্ব নির্বাচন করব, যারা জনগণের জন্য কাজ করবেন। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে দায়িত্ব পালনে অবহেলার সুযোগ থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আগের মতো এখন আর ভয়ে থাকলে চলবে না। জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।’
বন্দর সাংগঠনিক উত্তর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মিয়াসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





































