০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৯, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:১৯, ৪ অক্টোবর ২০২৬

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ইউনাইটেড অ্যাপারেলস শ্রমিকদের বিক্ষোভ

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ইউনাইটেড অ্যাপারেলস শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেডের বন্ধ কারখানা খুলে দেওয়া, ৪৩ শ্রমিকের সাময়িক বরখাস্ত প্রত্যাহার এবং শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। পরে মিছিল নিয়ে চাষাঢ়ায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি গাজী নূরে আলম এবং ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিক মিলন, নূর নবী, সজিব, সাবিনা ও তানিয়াসহ অন্যরা।

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ইউনাইটেড অ্যাপারেলস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে কারখানা পরিচালনা করছে। শ্রমিকদের আইন অনুযায়ী ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। যখন-তখন শ্রমিকদের চাকরি থেকে বাদ দেওয়ারও অভিযোগ করেন তারা।

তাদের দাবি, জরুরি প্রয়োজনে কোনো শ্রমিক একদিন কাজে অনুপস্থিত থাকলে তিন দিনের হাজিরা কেটে নেওয়া হয়। এসবের প্রতিবাদ করায় শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়।

শ্রমিক নেতাদের ভাষ্য, এর জেরে গত মঙ্গলবার রাতে শ্রম আইনের ১৩(১) ধারা উল্লেখ করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখেন।

এরপর শ্রমিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে গিয়ে সংকট সমাধানের দাবিতে লিখিত অভিযোগ দেন। অধিদপ্তরের পক্ষ থেকে সোমবার (৫ অক্টোবর) ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

এর মধ্যে রোববার সকালে কারখানার ফটকে ৪৩ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের নোটিশ টাঙানো হয় বলে শ্রমিকরা জানান। এর প্রতিবাদে তারা আবারও বিক্ষোভে নামেন।

দিনভর কর্মসূচির একপর্যায়ে বিকেল ৩টার পর শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে বিকেএমইএ সভাপতি, জেলা প্রশাসক ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের মধ্যে আলোচনার পর সোমবার বিকেল ৩টায় ত্রিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণ করা হয় বলে শ্রমিক নেতারা জানান।

বৈঠকে সংকট সমাধানের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা কর্মসূচি শেষ করে ফিরে যান।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবারের ত্রিপক্ষীয় বৈঠকে কারখানা খুলে দেওয়া, সাময়িক বরখাস্ত প্রত্যাহার এবং শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক সমাধান না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়