শ্রমিকের অধিকার উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: সিপিবি
শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত না করে দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তারা শিল্প-কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, মজুরি বোর্ড পুনর্গঠন এবং বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা আধুনিকায়ন করে চালুর দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ইসদাইর বাজারে সিপিবির ফতুল্লা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখারও দাবি জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ফতুল্লা থানা শাখার সম্পাদক রনজিত কুমার দাস। বক্তব্য দেন সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য ইকবাল হোসেন ও ফতুল্লা শাখার সদস্য আলমগীর হোসেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক ও শ্রমজীবী মানুষ। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে শ্রমিকরা ন্যায্য মজুরি ও বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না। তাই অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে শিল্প-কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, জনগণের স্বার্থে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা ব্যক্তি মালিকানায় দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের পরিপন্থী। এ সিদ্ধান্ত বাতিল করে বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো আধুনিকায়ন ও পুনরায় চালু করতে হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় নিম্নআয়ের মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন বলেও উল্লেখ করেন নেতারা। বাজারে কার্যকর তদারকি জোরদার করে অসাধু ব্যবসায়ী, মজুদদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে মাদক, চুরি ও ছিনতাই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিপিবির নেতারা। তাদের অভিযোগ, পাড়া-মহল্লা ও অলিগলিতে মাদকসেবী ও কারবারিদের তৎপরতা বেড়েছে। এতে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাদক ও চুরি-ছিনতাই রোধের পাশাপাশি জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।




































