ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করতে ছাত্র ফ্রন্টের মতবিনিময় সভা
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে সংগঠনটির প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমরেড নিখিল দাস, সদস্যসচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, অর্থ সম্পাদক সুলতানা আক্তার ও জেলা কমিটির সদস্য রোকন আহমেদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় আগামী ৭ অক্টোবর সংগঠনের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও গণমানুষের আকাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাউত্তর বিভিন্ন ছাত্র আন্দোলনে শিক্ষার সর্বজনীন অধিকারের দাবি গুরুত্ব পেয়েছে। শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্র নাকি অভিভাবকের—এ প্রশ্নে ছাত্রসমাজ বরাবরই রাষ্ট্রের দায়িত্বের পক্ষে অবস্থান নিয়েছে।
নেতৃবৃন্দের অভিযোগ, জনগণের এই আকাঙ্ক্ষার বিপরীতে দেশের শিক্ষাব্যবস্থা পরিচালিত হচ্ছে। ক্রমাগত বাণিজ্যিকীকরণের মাধ্যমে শিক্ষাকে পণ্যে পরিণত করা হচ্ছে। পাশাপাশি চলছে বেসরকারিকরণ ও সংকোচন। তাদের দাবি, দেশের প্রায় ৮৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি ব্যক্তি মালিকানাধীন, যা শিক্ষার সর্বজনীন অধিকার প্রতিষ্ঠার পথে বড় বাধা।
তারা আরও বলেন, বৈষম্য বিলোপের স্লোগান দিয়ে অভ্যুত্থান সংঘটিত হলেও দেশে অর্থনৈতিক বৈষম্য ক্রমাগত বাড়ছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন করে ৭ সহস্রাধিক কোটিপতি তৈরি হয়েছে। বিপরীতে দরিদ্রসীমার নিচে পতিত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। বর্তমান সরকারের সময়েও কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন। এসব তথ্যের মাধ্যমে তারা দাবি করেন, কেবল ব্যক্তি বা সরকারের পরিবর্তনের মাধ্যমে জনজীবনের মৌলিক সমস্যার সমাধান সম্ভব নয়।
সভায় নেতৃবৃন্দের আরও অভিযোগ, অভ্যুত্থান-পরবর্তী সময়েও জাতীয় সম্পদ ও দেশীয় স্বার্থবিরোধী বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বন্দর ইজারা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন উদ্যোগের বিরোধিতা করে তারা বলেন, এসবের বিরুদ্ধে ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা বলেন, শুধু ব্যক্তি বা সরকারের পরিবর্তন নয়, জনজীবনের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন আমূল পরিবর্তন। সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সভায় ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করতে ৩৯ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক, রোকন আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং আহমেদ রবিন স্বপ্নকে সদস্যসচিব ঘোষণা করেন।
সভা থেকে সম্মেলন সফল করতে সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।





































