১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারো যুবলীগের মিছিল

পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারো যুবলীগের মিছিল

রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও কয়েকদিনের মাথায় নগরীতে দু’টি মিছিল করেছে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা। গত ১৪ সেপ্টেম্বর শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে মিছিলের পর শুক্রবার সকালে আবারও ইসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগ।

মহানগর আওয়ামী যুবলীগের ব্যানারে ওই মিছিলে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাদের সকলের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল।

যুবলীগের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, পুলিশের চোখ ফাঁকি দিতে তারা সকালের এমন একটি সময় বেছে নিয়েছিলেন যখন সড়কে মানুষজন কম থাকে। এমনকি পুলিশের টহল পার্টিও এড়ানো যায় এমন স্থানেই তারা মিছিলটির আয়োজন করেন।

মূলত সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়ে এ মিছিল করে যুবলীগের নেতা-কর্মীরা।

এদিকে, গত ১৪ সেপ্টেম্বরও একই কৌশলে যুবলীগের নেতা-কর্মীরা মাস্ক ও ক্যাপ পরে বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন। ওই সময়ও শহরের দোকানপাট বন্ধ ছিল, মানুষজনের চলাচলও ছিল কম। মিছিল করে নিজেরাই তার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

যদিও বৃহস্পতিবার মধ্যরাতে ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ছাত্রসমাজের জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসদাইরে সরকারবিরোধী মিছিল থেকে ধাওয়া করে ছাত্রলীগের চার নেতাকে আটকের কথাও জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়। একই রাতে ইসদাইর এলাকা থেকে শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেফতার করা হয়েছে।

আটক ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সর্বশেষ

জনপ্রিয়