বিজ্ঞান উৎসবে অন্ধবিশ্বাসের দেয়াল ভাঙার আহ্বান
‘শানিত যুক্তিতে ভাঙো অন্ধবিশ্বাসের দেয়াল’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখ্যাত পাঁচ বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা ও জামাল নজরুল ইসলামের স্মরণে এ উৎসবের আয়োজন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়।
সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ও উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীর আয়োজন করা হয়। বিচারকমণ্ডলী বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবন ও প্রস্তুতির বিষয়ে ধারণা নেন।

প্রদর্শনী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কৃষিবিদ রাজেকুজ্জামান রতন বলেন, “বিজ্ঞান হচ্ছে প্রকৃতিকে জানার জ্ঞান, আর প্রযুক্তি হচ্ছে প্রকৃতিকে জয় করার পদ্ধতি। পৃথিবীর ৭১ শতাংশের বেশি পানি হলেও মানুষের পানযোগ্য নদী, খাল ও লেকে আছে মাত্র ১ দশমিক ২ শতাংশ পানি। কিন্তু আমরা সচেতনতার অভাবে নদী ও জলাশয়ে থুতু ও বর্জ্য ফেলে তা দূষিত করছি, যা আমাদের নিজেদের জীবনকেই বিপন্ন করে তোলে। বিজ্ঞানমনস্কতা ও সঠিক জ্ঞানের অভাবে এমনটা ঘটছে।”
তিনি শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী না হয়ে প্রকৃতির নিয়ম বুঝে জ্ঞান অর্জনের আহ্বান জানান। পাশাপাশি উন্মুক্ত আকাশে মহাকাশ পর্যবেক্ষণ এবং প্রতি দুই মাস অন্তর নারায়ণগঞ্জে বিজ্ঞানবিষয়ক আলোচনা আয়োজনের প্রস্তাব দেন।
অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বিজ্ঞানীদের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরে বলেন, “স্যার জগদীশ চন্দ্র বসু বৈষম্যের প্রতিবাদে তিন বছর বেতন না নিয়ে প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করেছিলেন। আমাদের বিজ্ঞানীদের আবিষ্কারের পাশাপাশি তাঁদের নৈতিকতা ও অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষাও নিতে হবে।”
তিনি আরও বলেন, “শিল্পমালিকরা মুনাফার স্বার্থে ডাস্ট ক্যাচার বন্ধ রাখায় আজ মানুষের মাঝে অ্যাজমা ও ক্যান্সারের মতো রোগ বাড়ছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, “পুঁজিপতিরা মুনাফার জন্য প্রযুক্তিকে অপব্যবহার করে আমাদের পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করছে। শীতলক্ষ্যার দূষণ রোধে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশ্ন করতে শিখতে হবে এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অর্জন করতে হবে।”
বিজ্ঞান উৎসব ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাতি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মিছির আলি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সঞ্জিত কুমার সেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মুর্মু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জের উপদেষ্টা সুলতানা আক্তার ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম।
আলোচনা পর্ব শেষে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব ২০২৬’-এর সমাপ্তি ঘটে।





































