ছিনতাইয়ের অভিযোগে দু’জনের চুল কেটে পুলিশে দিলো জনতা
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে চুল কেটে মারধরের পর পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন: রুবেল ও নাঈম।
ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা যায়, দুই ব্যক্তিকে একটি বিজ্ঞাপনের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাদের চর-থাপ্পর ও মারধর করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় তাদের মাথার চুল মেশিন দিয়ে কেটে দেওয়া হয়।
সোহানুর রহমান নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘দুপুরে আসার সময়, ইচ্ছেকৃতভাবে আমার সঙ্গে ধাক্কা লাগে। এবং ওনারা ওনাদের ফোন ফেলে দিয়ে। আমার কাছ থেকে আমার ফোন কেড়ে নিছে। এরপর আমার বিকাশে যে টাকা ছিল নিয়ে নেয়। এবং বিকাশ থেকে লোনও নেয়।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্তরা ফোন সারাই দেওয়ার কথা বলে আমাকে চাষাঢ়া নিয়ে আসে। এরপর আমার থেকে ঠান্ডা খেতে চায়। পরে স্থানীয় দোকানীরা ওনাদেরকে ধরে আটক করে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাজেদুর রহমান বলেন, স্থানীয়রা তাদের আটক করে পরে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ বা মামলা আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।




































