তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুবকে হত্যা, গ্রেফতার ২
তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুবকে হত্যা, গ্রেফতার ২নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে তেল চুরির ঘটনা মালিককে জানিয়ে দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হোসেনকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরীর শাহিনুর ইসলাম (৩০) ও সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়ার জামির হোসেন (৫৭)।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর জালালাবাদ ঔষধ ফ্যাক্টরির পরিত্যক্ত ভাঙারি গোডাউনের পূর্ব পাশে একটি ডোবায় সাদা প্লাস্টিকের মুখ বাঁধা বস্তা থেকে আইয়ুব হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল তেল চুরির ঘটনা। এক ব্যক্তি বালুর ড্রেজারে কাজ করার সময় ড্রেজার থেকে তেল চুরি করেন। বিষয়টি আইয়ুব হোসেন দেখে ফেলেন এবং ড্রেজারের মালিককে জানিয়ে দেন। এ কারণে ওই ব্যক্তির চাকরি চলে যায়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আইয়ুবের সঙ্গে তার শত্রুতা তৈরি হয় বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, চাকরি হারানোর পর ওই ব্যক্তি শাহিনুর, জামিরসহ আরও কয়েকজনকে নিয়ে আইয়ুবকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ হাজার ৫০০ টাকার বিনিময়ে শাহিনুরকে ব্যবহার করে আইয়ুবকে তার ভাঙারির দোকানে নেওয়া হয়। সেখানে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার শাহিনুর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





































