সত্যিকারের ইসলামী দলগুলোকে সমমনা প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: আব্দুল আউয়াল
নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, নির্বাচনের আগে সত্যিকারের ইসলামী দলগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হয়েছিল। সে সময় উদ্যোগটি সফল না হলেও এখনো তা অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রেল কলোনি কেন্দ্রীয় ডিআইটি মসজিদে বয়ানকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল বলেন, ‘যেকোনো অবস্থায় আবার রাজনৈতিক কাজ করতে ঐক্য করতে হলে সত্যিকারের ইসলামী দলগুলোকে আমরা সমমনা একটি প্ল্যাটফর্মে আনার কাজ করছি।’
তিনি বলেন, ইসলামী দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে। ওলামায়ে কেরামের মধ্যেও কেউ পাকিস্তানের পক্ষে, আবার কেউ অখণ্ড ভারতের পক্ষে অবস্থান নেন। একসময় বাংলাদেশ ও ভারত একই ভূখণ্ডের অংশ ছিল এবং তখন এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতে পাসপোর্ট-ভিসার প্রয়োজন হতো না। দলগুলো বিভক্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই নানা বিষয়ে সমালোচনা তৈরি হয়েছে।
সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, রাসুল (সা.)-এর আমল থেকেই সমালোচনা রয়েছে। তবে সমালোচনা করতে গিয়ে তা গিবতের পর্যায়ে চলে যাচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক, সমালোচনার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে উল্লেখ করে আব্দুল আউয়াল বলেন, নিজের বোঝাপড়া অনুযায়ী মন্তব্য করতে গিয়ে অনেকে এমন কথা লিখছেন, যার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েক দিন আগে ফেনী থেকে একটি কর্মসূচি শেষে ফেরার পথে বাবুনগরী সড়ক দুর্ঘটনার শিকার হন। তিনি অক্ষত থাকলেও অসুস্থ রয়েছেন।
আব্দুল আউয়ালের দাবি, দুর্ঘটনার খবর একটি ফেসবুক পেজে প্রকাশের পর সেখানে কেউ কেউ বাবুনগরীকে ‘মুনাফেক’, ‘আল্লাহর দুশমন’ ও ‘ফেরাউন’সহ বিভিন্ন শব্দে গালিগালাজ করেছেন। এমনকি কেউ কেউ তাঁর মৃত্যুকামনাও করেছেন।
এ ধরনের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বাবুনগরীর সঙ্গে এত আক্রোশ কেন? এর আগে আমাকেও এ ধরনের আক্রোশের শিকার হতে হয়েছে।’
ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা অনেকের প্রত্যাশা উল্লেখ করে আব্দুল আউয়াল বলেন, নির্বাচনের আগে এ বিষয়ে চেষ্টা করেও সফল হওয়া যায়নি। তবে বর্তমানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবারও ইসলামী দলগুলোকে অন্তত একটি সমমনা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হচ্ছে।
‘এটি আমাদের সকলের মনের দাবি’ বলেন আব্দুল আউয়াল।





































