১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ১২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:২২, ১২ সেপ্টেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী দাশগুপ্তার ৮১তম জন্মদিন উদযাপন

বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী দাশগুপ্তার ৮১তম জন্মদিন উদযাপন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা শাখার প্রথম সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী এবং খেলাঘরের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী দাশগুপ্তার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে উদীচী শিল্পীগোষ্ঠী ও মহিলা পরিষদ জেলা শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি রিনা আহমেদ। সঞ্চালনা করেন উদীচী নারায়ণগঞ্জের সভাপতি জাহিদুল হক দীপু।

অনুষ্ঠানের শুরুতে মঞ্জুশ্রী দাশগুপ্তার জীবন ও কর্মের ওপর পাঠ করা হয়। পরে মহিলা পরিষদ ও উদীচীর সদস্যরা তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনা ও স্মৃতিচারণে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘরের প্রধান উপদেষ্টা রথীন চক্রবর্তী, শ্রমিক নেতা মন্টু ঘোষ, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্তী, কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, ভবানী শংকর রায় ও জিয়াউল ইসলাম কাজল।

বক্তারা মঞ্জুশ্রী দাশগুপ্তার কর্মময় জীবন, সমাজ ও সংস্কৃতিতে তার পরিবারের অবদান এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে আবৃত্তি করেন ফাহমিদা আজাদ ও পিন্টু সাহা। সংগীত পরিবেশন করেন জুলহাস আলী, পলাশ দে, অপরাজিতা রায়, নম্রতা, প্রিয়ন্ত ও মানিক। অয়ন্ত বাঁশি পরিবেশন করেন। সঞ্জু ভৌমিকের পরিচালনায় নৃত্য পরিবেশন করে অর্চনা একাডেমির শিশুশিল্পীরা।

এ ছাড়া সিপিবি নারায়ণগঞ্জ জেলা ও শহর কমিটি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, সমমনা সামাজিক সংগঠন, খেলাঘর জেলা কমিটি, একতা খেলাঘর আসর, সত্যাশ্রয়ী খেলাঘর আসর, কথন আবৃত্তি সংসদ, হাওয়াইন গিটার পরিষদ, লক্ষ্যাপাড়, সড়জ ও যুব ইউনিয়নের পক্ষ থেকে মঞ্জুশ্রী দাশগুপ্তাকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে মঞ্জুশ্রী দাশগুপ্তা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তিনি ও তার পরিবার সমাজের জন্য যা করেছেন, তা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলেও তিনি অভিব্যক্তি প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়