চাষাড়ায় অবৈধ সিএনজি স্ট্যান্ড সরানো যাচ্ছে না কেন, প্রশ্ন সাংবাদিক পন্টির
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া সমবায় মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ না হওয়ায় প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। একই সঙ্গে এসব অটোরিকশার মালিকানায় পুলিশ সদস্যদের পরিবারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
আফজাল হোসেন পন্টি বলেন, আওয়ামী লীগ সরকারের আমল, অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান বিএনপি সরকারের সময়েও চাষাড়ার এই স্ট্যান্ড সরানো সম্ভব হয়নি।
তিনি জানান, মূলত মুন্সিগঞ্জগামী ট্রানজিট যাত্রীরা এসব সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করেন। আগে স্ট্যান্ডটি শহরের মণ্ডলপাড়া এলাকায় ছিল। পরে সেটি চাষাড়ায় স্থানান্তরিত হয়।
তিনি আরও অভিযোগ করেন, খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, চাষাড়াকেন্দ্রিক এসব অটোরিকশার অধিকাংশের মালিক পুলিশ সদস্যদের স্ত্রীরা। এ কারণেই স্ট্যান্ডটি উচ্ছেদ করা যাচ্ছে না বলে তাঁর ধারণা।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে আফজাল হোসেন পন্টি জানতে চান, অবৈধভাবে পরিচালিত এসব অটোরিকশা ও স্ট্যান্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কি না।





































