১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৯, ১৫ অক্টোবর ২০২৬

কাজল ও মুন্নার নিঃশর্ত মুক্তি দাবি উদীচী কেন্দ্রীয় সংসদের

কাজল ও মুন্নার নিঃশর্ত মুক্তি দাবি উদীচী কেন্দ্রীয় সংসদের
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নারায়ণগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল এবং তাঁর ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছে উদীচী কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জেরে আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী জিয়াউল ইসলাম কাজল এবং তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে উদীচীর নেতারা বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও সরকার ও প্রশাসনের আচরণ এবং মানসিকতায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বরং ফ্যাসিবাদী শাসনামলের মতোই দমন-পীড়ন অব্যাহত রয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনের একজন পরিচিত মুখ। বিগত সময়ে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়রের জামিন শুনানির সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন।

উদীচীর নেতারা অভিযোগ করেন, আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে জিয়াউল ইসলাম কাজল ও তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্নাকে মামলায় জড়ানো এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত প্রকাশ কিংবা পেশাগত দায়িত্ব পালনের কারণে কাউকে হয়রানি করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নাগরিকের সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

উদীচী কেন্দ্রীয় সংসদের নেতারা জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা অবিলম্বে প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।

একই সঙ্গে সরকার ও প্রশাসনের প্রতি দমন-পীড়নের পথ পরিহার করে ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সর্বশেষ

জনপ্রিয়