বন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’
নারায়ণগঞ্জের বন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তারুণ্যের কণ্ঠ’ শীর্ষক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাকসুদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল, অল্প বয়সে বিয়ের কারণে শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরেন।
তাঁরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা। বিশেষ করে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে।
এ সময় শিক্ষার্থীরাও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





































