মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’-এর উদ্বোধন
জ্ঞান অর্জন ও পড়াশোনার কোনো বিকল্প নেই: মাওলানা জব্বার
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’-এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ আসর মিশনপাড়ার কার্যালয়ে পাঠাগারটির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘মানুষ এখন বলতে চায় বেশি, শুনতে চায় কম। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পড়াশোনা ও জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কোরআনের প্রথম নির্দেশনাই হলো পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তাই জ্ঞান অর্জন ও পড়াশোনার কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, পবিত্র কোরআনের সূরা আল-আসরে মানুষের ক্ষতি ও তা থেকে মুক্তির পথ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা ইমান এনেছে, সৎকাজ করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে, তারাই ক্ষতি থেকে মুক্তি পাবে।
জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। তাই ব্যক্তি ও সমাজের উন্নয়নে পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আধুনিক পাঠাগারের উদ্যোগ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এবং মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামছুল হক, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান বাঙালী, তল্লা সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন এবং ব্যবসায়ী মরতুজা রেজা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাঠাগারের সফলতা, জ্ঞানচর্চার প্রসার এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





































