১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৮, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৯, ১৫ অক্টোবর ২০২৬

বন্দরে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে

বন্দরে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে

নারায়ণগঞ্জের বন্দরে পৈতৃক ওয়ারিশি সম্পত্তি দখলের চেষ্টা, জমির সাইনবোর্ড ও বেড়া খুলে নেওয়া, গাছপালা কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন রেজাউল করিম ওরফে রেজাই (৭৮) নামে এক বৃদ্ধ।

অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ জমিতে তাঁদের পূর্বপুরুষদের কবর রয়েছে। দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি বেদখলের আশঙ্কায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় ২২ শতাংশ জমি নিয়ে রেজাউল করিমের সঙ্গে তাঁর অন্য ওয়ারিশদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৭১৬/২০২৪ নম্বর পিটিশন মামলা চলমান রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে নিজের জমিতে গিয়ে সাইনবোর্ড সরিয়ে নেওয়া ও গাছপালা কেটে ফেলার বিষয়টি দেখতে পান রেজাউল করিম। একই সঙ্গে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টাও করা হয় বলে তাঁর অভিযোগ।

পরবর্তী সময়ে ৭ সেপ্টেম্বর জমিতে দেওয়া বেড়া খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রেজাউল করিম বলেন, বিরোধপূর্ণ জমিটি তাঁদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত। সেখানে পরিবারের পূর্বপুরুষদের কবরও রয়েছে। জমিটি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত। পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চান তিনি।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ তালুকদার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিরোধপূর্ণ জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি থাকায় উভয় পক্ষকে আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের সঙ্গে কথা হলে তিনি ঘটনাস্থলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ সময় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলেও জানান।

সর্বশেষ

জনপ্রিয়