সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় জামালপুরের দেওয়ানগঞ্জে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, ফুসফুসে পানি, নিউমোনিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।
আইসিইউতে চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাঁর বোন তাকে জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যান। সেখানে শুক্রবার বাদ জুমা বাড়িসংলগ্ন মাদরাসা মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
হাফিজুর রহমান মিন্টু চিরকুমার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে পরিচিত ও সিনিয়র সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর চিকিৎসাকালে দুই মাসেরও বেশি সময় আইসিইউসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার যাবতীয় ব্যয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব বহন করেছে।
হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





































