১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাসুদুজ্জামানের উদ্যোগে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু

মাসুদুজ্জামানের উদ্যোগে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু

নারায়ণগঞ্জে সমাজসেবামূলক সংগঠন ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা ফতুল্লার তল্লা খাপুর এলাকার হোসেন সর্দার রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক মাসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরীর অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন মহল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ এবং মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হয়েছে। প্রায় ১৮ বছর আগে ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও নামের অনুমোদন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। সম্প্রতি ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামেই নিবন্ধন পাওয়ার পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও অনুপ্রেরণায় দীর্ঘদিনের এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মাসুদুজ্জামান আরও বলেন, নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে ‘প্রিয় মোস্তফা’ নামটির প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই ভাবনা থেকেই ফাউন্ডেশনের নাম রাখা হয়েছে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ ও পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া উন্নয়ন এবং দুর্যোগ ও জরুরি সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল এবং সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের ভবিষ্যৎ সমৃদ্ধি, পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়