০৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৯, ৫ নভেম্বর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস: সদর থেকে জেলা পর্যায়ে চার দাবাড়ু নির্বাচিত

নতুন কুঁড়ি স্পোর্টস: সদর থেকে জেলা পর্যায়ে চার দাবাড়ু নির্বাচিত

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ের দাবা ইভেন্টের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। এতে বালক ও বালিকা বিভাগে দুজন করে মোট চারজন দাবাড়ু জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে খুলনা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।

বালিকা বিভাগে নির্বাচিত হয়েছে বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা ও দাপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জারা চৌধুরী। নাবা নাহার চেস একাডেমির দাবা শিক্ষার্থী।

বালক বিভাগে নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাফ রাফিন সরকার দিহান ও হাজী আওলাদ হোসেন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাহারিয়ান সাহাত সাবিত।

এ সময় ভেন্যুতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি জেলা পর্যায়ে উন্নীত হওয়া খুদে দাবাড়ুদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়