ডিসি ও সানিকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে খোঁজখবর নেওয়ায় আনিসুল ইসলাম সানিকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁর এই আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকেও ফুলেল শুভেচ্ছা জানান।





































