বন্দরে নিজ ঘর থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে নিজ ঘর থেকে মো. সুজন ওস্তাগার (৩২) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াগাঁও এলাকায় মরদেহটি পাওয়া যায়।
সুজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ উত্তরপাড়া এলাকার বদু ওস্তাগারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুজনের বড় মেয়ে ঘুম থেকে উঠে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুজনের স্ত্রী সালমা আক্তার সৌদি আরবপ্রবাসী। তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করেনি পুলিশ।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।





































