অতিরিক্ত বলপ্রয়োগ নয়, ভাঙচুর-নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: এসপি
শ্রমিক আন্দোলনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তবে কারখানায় ভাঙচুর ও নাশকতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি পঞ্চবটি বিসিক, শিবু মার্কেট, ফতুল্লা, সাইনবোর্ড, সানারপাড় ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করেন।
পুলিশ সুপার বলেন, ‘জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অত্যন্ত ধৈর্যের সাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো অবস্থাতেই প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করা হয়।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সংযম প্রদর্শন করেছেন এবং শ্রমিকদের ওপর বলপ্রয়োগ থেকে বিরত থেকেছেন। তবে এই সুযোগে অপরাধী চক্র, যারা কারখানায় ভাঙচুর ও নাশকতা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শনে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।





































