নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: আশা
নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর বন্দর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর-বন্দর আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাজিউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির ও সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় ইউএনও শিবানী সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আবুল কাউসার আশা বলেন, শুধু সরকারের ওপর নির্ভরশীল না হয়ে প্রত্যেককে নিজের বাড়ি ও বসতির আশপাশের জায়গা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তিনি বলেন, ‘মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।’ প্রধানমন্ত্রীর গৃহীত তিন মাসের কর্মসূচি শতভাগ সফল করতে সবাইকে এগিয়ে এসে যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।





































