৩১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৪, ৩০ আগস্ট ২০২৬

কোরিয়ার এক্সিম ব্যাংকের সহায়তায় হবে কমলাপুর থেকে মদনপুর মেট্রোরেল

কোরিয়ার এক্সিম ব্যাংকের সহায়তায় হবে কমলাপুর থেকে মদনপুর মেট্রোরেল

রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের গণপরিবহন যোগাযোগে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে কমলাপুর-মদনপুর মেট্রোরেল লাইন-৪ প্রকল্পকে ঘিরে। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মিত হলে রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাতায়াতে নতুন একটি দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা যুক্ত হবে। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথের ওপর চাপ ও দীর্ঘদিনের যানজট কমানোর সুযোগ তৈরি হবে।

ঢাকা মহানগরী ও আশপাশের এলাকার জন্য ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এমআরটি-৪ লাইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই লাইনটি কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাবে। ফলে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলের মানুষের সরাসরি ও দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হতে পারে।

প্রকল্পটি বাস্তবায়নের আগে বর্তমানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও প্রাথমিক নকশা (বেসিক ডিজাইন) প্রণয়নের কাজ চলছে। ফিজিবিলিটি স্টাডির জন্য উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংক ২০২৪ সালের ১৪ মে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়।

পরামর্শক প্রতিষ্ঠানের তৈরি ফিজিবিলিটি স্টাডির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিবেদনটি কোরিয়া এক্সিম ব্যাংকের কাছে পাঠানো হয়।

ব্যাংকটির প্রতিবেদন যাচাই-বাছাই করে ডিএমটিসিএলের কাছে পাঠানোর কথা রয়েছে। একই সঙ্গে এমআরটি-৪-এর ফিজিবিলিটি স্টাডি ও বেসিক ডিজাইনের চূড়ান্ত প্রতিবেদন প্রণয়নের অগ্রগতি এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে কোরিয়া এক্সিম ব্যাংকের মতামত চাওয়া হয়েছে।

এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে কোরিয়া এক্সিম ব্যাংকের মতামত সংগ্রহের অনুরোধ জানিয়ে গত ২০ জুলাই ২০২৬ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়