১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ১২ সেপ্টেম্বর ২০২৬

দল-মত ভুলে সুন্দর আলিগঞ্জ গড়ার আহ্বান এমপি আল আমিনের

দল-মত ভুলে সুন্দর আলিগঞ্জ গড়ার আহ্বান এমপি আল আমিনের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পঞ্চায়েত কোনো রাজনৈতিক বিভাজনের জায়গা নয়; এটি হবে এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য সম্মিলিত শক্তি।

আলিগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, পানি, জলাবদ্ধতা, রাস্তাঘাট কিংবা মাদকের মতো সমস্যা কোনো নির্দিষ্ট দলের নয় এসব সমস্যা পুরো এলাকার। তাই এসব সমস্যা সমাধানেও রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কোনো মাদক ব্যবসায়ী বা অন্যায়কারীর জন্য আত্মীয়তা, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কারণে সুপারিশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায়কারী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজের সবাইকে অন্যায়কারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশের দায়িত্বের বিষয়ে তিনি বলেন, সীমিত জনবল ও নানা বাস্তবতা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের কার্যকর ভূমিকা প্রয়োজন। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীও পুলিশকে সহযোগিতা করবে। কোনো অন্যায়কারী যেন ঘুষ, প্রভাব বা যোগসাজশের মাধ্যমে ছাড় না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের মূল দায়িত্ব জনগণের সেবা করা এবং জনগণের কাছে জবাবদিহি করা। পারস্পরিক দোষারোপ নয়, জনগণ, পঞ্চায়েত, পুলিশ-প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব।

নবগঠিত আলিগঞ্জ পঞ্চায়েত কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আলিগঞ্জকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে নবগঠিত আলিগঞ্জ পঞ্চায়েত কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, এলাকার শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়