বন্দরের মদনপুরে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) ওষুধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জ, বন্দর উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। এ সময় নারায়ণগঞ্জ জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কবির হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানকালে মদনপুর এলাকার বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ বিক্রির বিষয়ে যাচাই করা হয়। অনিয়ম পাওয়ায় একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ফার্মেসিতে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও অনিবন্ধিত ওষুধ বিক্রি না করা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণসহ ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে চলতে ফার্মেসি মালিকদের দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
জনস্বার্থে নকল, ভেজাল ও অনিবন্ধিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





































