১১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

আর কোনো ধরনের ‘গডফাদার’ হতে দেওয়া হবে না: রনি

আর কোনো ধরনের ‘গডফাদার’ হতে দেওয়া হবে না: রনি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, সমাজে আর কোনো ধরনের ‘গডফাদার’ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পশ্চিম মাসদাইরে মরহুম সুলতান ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মশিউর রহমান রনি বলেন, ‘আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত, আমরা একটা জিনিস বিশ্বাস করি। আমাদের নেতা তারেক রহমান আমাদের এই জায়গা থেকে উত্তরণ করতে চান যে, গত ১৭ বছর দেশটাকে ধ্বংস করে রেখেছেন। তারা কিশোর গ্যাং ও কিশোরদের হাতে মাদক তুলে দিয়েছেন। এসব থেকে বেরিয়ে এসে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সবুজ সমাজ গঠনের জায়গায় নিয়ে যেতে চান।’

তিনি বলেন, ‘আমরা চাই নারায়ণগঞ্জকে এবং আমাদের এলাকাকে সেই জায়গায় নিয়ে যাব, যে জায়গায় কোনো মাদক থাকবে না, কোনো কিশোর গ্যাং থাকবে না। আমরা যারা এখানে বসবাস করি, কোনো ধরনের গডফাদার এখানে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আমরা সবাই সাধারণভাবে চলাফেরা করি। যেমন করে আমাদের নেতা তারেক রহমান সাধারণভাবে চলাফেরা করে এই জিনিসটি বুঝাতে চান, আমি  তারেক রহমান দেশের রাষ্ট্রপ্রধান হতে পারি, কিন্তু আমি একজন মানুষ।’

তিনি আরও বলেন, ‘এই সমাজে যারা বসবাস করেন, তারা এই জিনিসটাই বুঝাতে চান যে, এই সমাজে কোনো ধরনের গডফাদার ও সন্ত্রাস আমরা তৈরি হতে দেব না। কোনো মাদক, সন্ত্রাসী বা কিশোর গ্যাং আমরা সমাজে তৈরি হতে দেব না।'

খেলাধুলার প্রসঙ্গে রনি বলেন, ‘আমার বড় ভাই বিজন ভাই আছেন, যিনি এই খেলাধুলার আরও মান উন্নয়নের ক্ষেত্রে কাজ করছেন। আরও ভালোভাবে যাতে খেলাধুলা হয়, এখান থেকে যাতে ভালো খেলোয়াড় তৈরি হয় এবং তারা যেন জাতীয় দল বা ভালো ডিভিশনে, নারায়ণগঞ্জ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের খেলাগুলোতে সুযোগ পায়, এ জন্য আমি বিজন ভাইকে আজকে এখানে নিয়ে আসছি।’

রনি আরও বলেন, ‘এখানে আরও উপস্থিত আমার সঙ্গে যারা ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, জসিম কাকা, মনির কাকা উপস্থিত আছেন। এই যে যাদের নামগুলো আমি বললাম, তারা কিন্তু সবাই জুলাইযোদ্ধা। তারা দীর্ঘ ১৭ বছর এই আন্দোলন-সংগ্রাম এবং আপনাদের, নারায়ণগঞ্জবাসীকে ভালো রাখার জন্য যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন।’

ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সাবেক সহসভাপতি মাসুদুর রহমান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়