১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিভাগে সবচেয়ে খারাপ হাসপাতাল রূপগঞ্জে: এমপি দিপু

ঢাকা বিভাগে সবচেয়ে খারাপ হাসপাতাল রূপগঞ্জে: এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “একটা কোড আছে যাতে বোঝা যায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সটা কেমন। সোনারগাঁ ছিল ৩৪তম, আড়াইহাজার ছিল ১১৪তম, বন্দর ১৮১তম এবং রূপগঞ্জ হলো ৪২৩তম। আমার জানামতে, ঢাকা বিভাগের ভেতর সবচেয়ে খারাপ হাসপাতাল হিসেবে গণ্য হয়েছে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।”

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সহযোগিতা করে রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় মন্ত্রীর উদ্দেশে দিপু ভূঁইয়া আরও বলেন, “আপনি শুনলে অবাক হবেন, ২০ লাখ লোকের জন্য মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল এখানে। তাতে গড়ে বোঝা যায় ৪০ হাজার লোকের জন্য একটা শয্যা। মানে, ৪০ হাজার লোক যদি অসুস্থ হয় তাহলে একটামাত্র শয্যা পাবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, এইদেশে চিকিৎসার অভাবে আর কোনো মানুষ মারা যাবে না। যার সফলতা আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে দেখছি। উনি সারাদেশে ১৫১ শয্যার হাসপাতাল সারা বাংলাদেশে দিচ্ছে। আমরা আশা করবো, রূপগঞ্জে ২০ লাখ লোকের মাঝখানে ১৫১ এর বেশি শয্যার হাসপাতাল উনি দিবেন।”

সর্বশেষ

জনপ্রিয়