নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করার ঘোষণা সাখাওয়াতের
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমরা নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করবো। এই লক্ষ্য অর্জনে শুধু সিটি কর্পোরেশন নয়, সকল নাগরিককে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।”
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনামূলক র্যালিতে তিনি এ কথা বলেন।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’- এই স্লোগানে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “আজ প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকে কেন্দ্রীয়ভাবে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই নারায়ণগঞ্জে এই র্যালির মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হলো।”
কর্মসূচির পরিধি ও পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “র্যালি শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ থানা- এই তিনটি অঞ্চলে ভাগ করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি শনিবার এক ঘণ্টা করে আমাদের এই কর্মসূচি চলবে। নারায়ণগঞ্জ নগরবাসীকে একটি সুন্দর ও ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি আনাচে-কানাচে পরিষ্কার-পরিচ্ছন্ন করবো।”
নারায়ণগঞ্জে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হলেও এই পর্যন্ত কেউ মারা যাননি উল্লেখ করে সাখাওয়াত বলেন, “আমরা বিশ্বাস করি, এই ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে আগামী তিন মাসেও নারায়ণগঞ্জে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হবে না।”
বক্তব্য শেষে প্রশাসক নিজেও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।





































