১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের প্রবেশপথ ’লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি

নারায়ণগঞ্জের প্রবেশপথ ’লিংক রোড’ সবসময় পরিচ্ছন্ন রাখতে চান ডিসি

নারায়ণগঞ্জে প্রবেশের সময় মানুষের মধ্যে যেন প্রথমেই ভালো ধারণা তৈরি হয়, সে লক্ষ্যে চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা পুরো লিংক রোড পরিষ্কার রাখতে চাই, যেন নারায়ণগঞ্জে মানুষ প্রবেশ করতেই প্রথমে একটি ভালো ধারণা হয়ে যায়। আমরা এটা নিয়েই কাজ করতে চাই।”

লিংক রোডে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই জায়গাটি আজকে পরিষ্কার করা হবে। এবং এরপর থেকে যেন এখানে আর কোনো ময়লা-আবর্জনা ফেলা না হয়। আমরা বিভিন্ন জায়গায় ময়লা রাখার ডাম্পিংয়ের ব্যবস্থা করছি। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর প্রত্যেকটি জায়গায় একটি নির্ধারিত ময়লা ফেলার জায়গা নির্ধারণ করছি। আপনারা সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন, যেন আমরা সেটি তুলে ফেলতে পারি।”

তিনি বলেন, “সারা শহরে যদি আমরা ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রাখি, তাহলে কখনো পরিষ্কার-পরিচ্ছন্ন শহর করতে পারব না। ফলে একটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত হয়ে থাকবে।”

চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত লিংক রোড পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন এলাকায় দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে উপজেলা পরিষদ ও জেলা পরিষদ থেকেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বেচ্ছাসেবী গ্রুপ তৈরি করা হয়েছে। জনপ্রতিনিধি, স্থানীয় ইউপি সদস্য ও নেতাকর্মীদের সমন্বয়েও স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হয়েছে। এসব গ্রুপের মাধ্যমে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসক বলেন, প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ডেঙ্গু মশার প্রজননস্থল ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানগুলো পরিষ্কারের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়