মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: এসপি হাবিব
মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের মানুষ জর্জরিত বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। এসব সামাজিক ব্যাধি থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ পরিদর্শন ও র্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, “এই নারায়ণগঞ্জ যেহেতু একটি শিল্পনগর এলাকা। এখানে অনেক ভাসমান লোকের বসবাস আছে। এ কারণে এখানে বিভিন্ন ধরনের অপরাধ আমরা লক্ষ্য করছি। সবচেয়ে বড় ব্যাধি, সামাজিক ব্যাধি যেটা, সেটা হচ্ছে মাদকের সমস্যা। ছিনতাইকারী ও চাঁদাবাজ, এ সমস্ত অস্ত্রধারী সন্ত্রাসী এগুলো নিয়ে মানুষ জর্জরিত।”
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, “মাদকের ক্ষেত্রে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যে স্পটগুলো আছে, সেই স্পটগুলোতে অভিযান চালাচ্ছি। ভাসমান মাদক ব্যবসায়ীদের আমরা ধরছি। কিন্তু সকলের সহযোগিতা দরকার। আপনাদের কাছে তথ্য থাকলে সেগুলো আমাদের দিয়ে সহযোগিতা করতে হবে।”
সরকারি দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে এসপি বলেন, “আমরা যেহেতু কাজ করছি, আমাদের সবাইকে হেল্প করেন। আপনারা এগিয়ে আসেন। আমরা একটি সুস্থ সমাজ উপহার দিই।”
পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতি শনিবার প্রত্যেকের বাড়িঘর, বাড়ির আঙিনা, অফিস-আদালত, স্কুল-কলেজসহ নিজ নিজ অবস্থান পরিষ্কার রাখতে হবে। সবাই নিজ নিজ জায়গা পরিষ্কার রাখলে স্বাস্থ্যঝুঁকি থেকে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখা সম্ভব।
তিনি আরও বলেন, “সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে মনে করব আমরা জাতিকে একটি সুন্দরভাবে মানুষের চলাচলের জন্য, ব্যবসা করার জন্য যে নাগরিক অধিকারগুলো আছে, সে অধিকারগুলো আমরা ফিরে দিতে পারব।”
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু প্রমুখ।





































