সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিসহ গ্রেপ্তার ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তিনজন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার দুজন ও চুরি মামলার একজন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. ফাহিম প্রধান (২৫) ও আবুল কাশেম মোল্লা (৬৫)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফাহিম সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং আবুল কাশেম সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হযরত আলী (৬৪), মো. শাহ আলম (৪৩) ও মো. ইসমাইল হোসেন সিরাজী (৩৮)। পুলিশ জানিয়েছে, ইসমাইল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকার ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
মেঘনাঘাট, তাতুয়াকান্দি ও ফ্রেশ কোম্পানি এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয় মো. করিম সাহা (৩০), মিহাদুল (২২), মো. রানা, মো. ফয়সাল ও মো. নাইমকে (২২)।
এ ছাড়া চুরি মামলায় পটুয়াখালীর মফিজুল গাজীকে (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চাঁদপুরের সাদ্দাম হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আমাদের এ বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে। আটকদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’





































