০৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৬, ৩ নভেম্বর ২০২৬

এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন

এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের মানববন্ধন

এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে সংগঠনের মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন এলপিজি গ্যাসের দাম একসঙ্গে ২২৩ টাকা বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারের অজুহাতে বারবার মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটার নীতি বন্ধ করতে হবে। গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তাঁদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আলম, ইলিয়াস আহমদ, মুফতী শেখ শাব্বীর আহমাদ, খন্দকার হাফেজ আওলাদ, কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, প্রভাষক মাইদুল ইসলাম, হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, আব্বাস সিকদার, আবুবকর সিদ্দীক, মাওলানা শরীফ মাহমুদ, মুফতী তৌফিক বিন হারিছ, মুহাম্মদ শাহনেওয়াজ ও রিফাত আহমদ সাজিদ।

সর্বশেষ

জনপ্রিয়