সংস্কৃতি কর্মী ও আইনজীবী কাজলের মুক্তি চায় মহিলা পরিষদ
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলের মুক্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখা। তার গ্রেপ্তারের ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল একজন সাংস্কৃতিক সংগঠক। সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে তিনি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।
নেতারা বলেন, সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনের সময় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জিয়াউল ইসলাম কাজলকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ভোররাতে শহরের আল্লামা ইকবাল রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জিয়াউল ইসলাম কাজল। আগেরদিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালতে হাজিরার সময় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।





































