প্রেমের সম্পর্কের পর ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকিতে টাকা দাবি, যুবক গ্রেপ্তার
ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবির অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিউল ওই গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী তরুণীর পরিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রবিউলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেন রবিউল। পরে তাঁর কাছে থাকা তরুণীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও লাখ লাখ টাকা দাবি করেন।
ওসি জানান, হুমকির বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানালে তাঁরা আইনের আশ্রয় নেন। মামলার পর বৃহস্পতিবার রাতে শাহজাদপুরের উল্টাডাব এলাকায় অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার ভোররাতে রবিউলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় রবিউলের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁর সাত থেকে আটটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে বলে জানান ওসি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





































